১০ বছরে মোবাইল ব্যবহারকারী বেড়েছে ৯ শতাংশ

১৭ জুলাই, ২০২৩ ২০:৪৬  

দেশে বর্তমানে পরিবার পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা ভোগ করেন ৯৭ দশমিক ৯ শতাংশ। জাতীয় পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারের হার ৯০ দশমিক ৫ শতাংশ। আর নিজস্ব মোবাইল ফোন আছে এমন ব্যক্তিদের হার ৬৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে স্মার্টফোন ব্যবহারকারী ৬৩ দশমিক ৩ শতাংশ। আর ল্যান্ডফোন ব্যবহার করে শূন্য দশমিক ৭ শতাংশ পরিবারের লোকজন।

সোমবার (১৭ জুলাই) প্রকাশিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দেশে গত ১০ বছরে মোবাইল ব্যবহারকারী বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ। স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে এগিয়ে আছে চট্টগ্রাম। ওই বিভাগে মোট মোবাইল ব্যবহারকারী ৭৮ দশমিক ৫ ভাগের হাতেই আছে স্মার্টফোন। রাজধানীতে এই হার ৭৫ দশমিক ৩ ভাগ।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনে বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রতিবেদন তুলে ধরেন প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা শাকি। এতে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের মোবাইলের ব্যবহারকারী বেড়েছে। তবে সিলেটে টেলিভিশন ব্যবহারকারী কমেছে এবং রংপুরে বেড়েছে এটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। যদিও সিলেটে দামি মোবাইল ব্যবহারকারী বেড়েছে যা রংপুরে কম। তিনি বলেন, ধনীরা আধুনিক প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশে মোবাইল ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৮৯ দশমিক ৯ শতাংশ এবং ২০২৩ সালে হয়েছে ৯০ দশমিক ৫ শতাংশ। খানা পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারী সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯ দশমিক ২ শতাংশ, সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২ দশমিক ৪ শতাংশ।